মহাশূন্যের পার্কিং স্পট: লা গ্র্যান্জ পয়েন্ট



সৌরজগতে কয়েকটি বিশেষ স্থান রয়েছে যেখানে পৃথিবী এবং সূর্যের মহাকর্ষ বলের মধ্যে সাম্যবস্থা বিরাজ করে। সেজন্য মহাশূন্যের এসব স্থানে কোন নভোযানের ঘূর্ণনের কেন্দ্রমুখী বল এবং ওখানে বিদ্যমান মহাকর্ষ বলের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টি হয়। এর ফলে নভোযানটি সূর্যের চারপাশে পৃথিবীর সাথে একই গতিতে ঘুরতে থাকে এবং আপাত স্থির অবস্থায় থাকে। পৃথিবী থেকে দেখলে মনে হবে, নভোযানটি ওখানে পার্ক করা অবস্থায় রয়েছে। সূর্য এবং পৃথিবীর মধ্যে এরকম পাঁচটি বিশেষ স্থান রয়েছে। এদেরকে বলে, লা গ্র্যান্জ পয়েন্ট। ১৭৭২ সালে ফরাসি গণিতশাস্ত্রবিদ জোসেফ লুই লা গ্র্যান্জ এই বিশেষ অবস্থানগুলোর গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন। তাঁর সম্মানে, এদের নামকরণ করা হয়েছে, লা গ্র্যান্জ পয়েন্ট।

‌সূর্য এবং পৃথিবীর মহাকর্ষ বলের মাঝে অবস্থিত পাঁচটি লা গ্র্যান্জ পয়েন্টকে L1, L2, L3, L4 এবং L5 নামে চিহ্নিত করা হয়েছে। ‌বর্তমানে L1 এবং L2 পয়েন্টকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ এবং গবেষণার কাজে লাগাচ্ছেন। এ দুটি পয়েন্ট পৃথিবী থেকে প্রায় দেড় মিলিয়ন কিলোমিটার দূরে। L1 পয়েন্ট পৃথিবী থেকে সূর্যের দিকে অবস্থিত। সূর্যকে গভীর ভাবে পর্যবেক্ষণ করার জন্য L1 পয়েন্টে সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবসার্ভেটরি (SOHO), ডিসকভার স্যাটেলাইট (DSCOVR) এবং ভারতের আদিত্য এল–ওয়ান মহাকাশযান পাঠানো হয়েছে।

অন্যদিকে, L2 পয়েন্ট রয়েছে পৃথিবী থেকে সূর্যের সম্পূর্ণ বিপরীতে। এর ফলে ওখান থেকে মহাবিশ্বকে খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করা যায়। এজন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে L2 পয়েন্টে পাঠানো হয়েছে। এই দূরত্বে পৌঁছাতে টেলিস্কোপটির প্রায় এক মাস সময় লেগেছে। ওখানে পৌঁছানোর পর টেলিস্কোপের যন্ত্রপাতিগুলোকে ধীরে ধীরে সচল করা হয়েছে। বর্তমানে L2 পয়েন্টে অবস্থান করছে জেমস ওয়েব টেলিস্কোপ, ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া এবং ইউক্লিড স্যাটেলাইট। এর আগে সেখানে কাজ করেছে নাসার WMAP ও প্ল্যাঙ্ক স্যাটেলাইট, এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার লিসা পাথফাইন্ডার, যেগুলো এখন আর সক্রিয় নয়।

বোঝাই যাচ্ছে, মহাশূন্যের এই পার্কিং স্পটগুলো ভবিষ্যতে আরো বেশি কর্মচঞ্চল হয়ে উঠবে। বাকি তিনটি লা গ্র্যান্জ পয়েন্ট, L3, L4 এবং L5 কে এখনো বৈজ্ঞানিক গবেষণা বা পর্যবেক্ষণের কাজে লাগানো হয়নি। তবে ধারণা করা যায় ভবিষ্যতে এগুলোকেও কাজে লাগানো হতে পারে।

তথ্য সূত্র: নাসা।

Comments