আইনস্টাইন আর রবীন্দ্রনাথ: বিজ্ঞানের ঘরে দর্শনের আলো


একটি ঘরের একপাশে বসে আছেন বিশ্বের সবচেয়ে খ্যাতিমান বিজ্ঞানী, আলবার্ট আইনস্টাইন। তাঁর চুলগুলো এলোমেলো, চোখে গভীর মনোযোগ। আরেক পাশে বসে আছেন একজন দীর্ঘদেহী শ্মশ্রুমণ্ডিত বাঙালি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর—শান্ত, গম্ভীর ও দার্শনিক। 

এটা সেই দুই মহাজ্ঞানীর মধ্যে এক ঐতিহাসিক কথোপকথন। সময়টা  ছিল ১৪ জুলাই ১৯৩০, জায়গাটা আইনস্টাইনের বাড়ি, জার্মানির কেপুথ শহর। দু'জনের এই সাক্ষাৎ শুধু দুই বিখ্যাত মানুষের দেখা নয়, এটা ছিল বিজ্ঞান আর দর্শনের মুখোমুখি বসা।

আইনস্টাইন প্রশ্ন করলেন—এই যে মহাবিশ্ব, এটা কি শুধু মানুষের কল্পনা? নাকি আমাদের ইন্দ্রিয়ের বাইরে সত্যিই কোন বাস্তবতা আছে?

রবীন্দ্রনাথের জবাব ছিল স্পষ্ট।তিনি বললেন, "সত্য" বলতে যা কিছু, সেটা মানুষের সাথেই জড়িত। বিশ্বকে আমরা যেভাবে অনুভব করি, সেই অনুভবই তার অস্তিত্ব। যদি মানুষের অনুভব না থাকত, তাহলে এই “বিশ্ব” নামক ধারণাটাও থাকত না। তিনি বললেন, মানুষই হলো সেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র, যার অভিজ্ঞতায় সবকিছুর অর্থ তৈরি হয়।

আইনস্টাইন একটু নড়ে চড়ে বসলেন। তাঁর যুক্তি ছিল, এমন তো হতে পারে- এই যে মহাবিশ্ব, আমাদের জ্ঞানের বাইরেও একটা নিজস্ব বাস্তবতায় তার অস্তিত্ব রাখে। আমাদের জানা না থাকলেও, সেটা ঠিকঠাক আছে, চলে যাচ্ছে আপন গতিতে।

রবীন্দ্রনাথ সেই ভাবনাকেও অস্বীকার করলেন না, কিন্তু বললেন, "আমরা যা জানি, যা বুঝি, যা সত্য বলি, তা সবই আমাদের মানুষের ভাষায়, অভিজ্ঞতায়, আর অনুভবে বাঁধা। তাই ‘সত্য’ যদি থাকে, সেটাও আমাদের চোখ দিয়েই দেখা।

তাঁদের কথাবার্তায় একজন বলছেন বিজ্ঞান নিয়ে আর অপর জন ব্যাখ্যা করছেন দর্শনের আলোতে।

আইনস্টাইন বলছেন, আপনি সত্যকে দেখছেন মানুষের দৃষ্টিকোণ থেকে।

রবীন্দ্রনাথ মুচকি হেসে বলছেন, সেটাই তো স্বাভাবিক। কারণ এই দুনিয়াটাই তো মানুষের চোখে দেখা বাস্তবতা।

এই কথোপকথনের গভীরে ছিল একটা বড় প্রশ্ন। আমরা যা কিছু জানি, বুঝি এবং ব্যাখ্যা করি—তা কি শুধু আমাদের নিজের মনের প্রতিফলন? নাকি এমন একটা  "চরম সত্য" আছে যা মানুষের ধরাছোঁয়ার বাইরে, যা আমরা কখনও পুরোপুরি উপলব্ধি পারব না?

আইনস্টাইনের জন্য সত্য মানে ছিল এক নিরপেক্ষ বাস্তবতা, যা বিজ্ঞান দিয়ে ধরা যায়। আর রবীন্দ্রনাথের জন্য সত্য মানে ছিল, যেটা মানুষ বুঝতে পারে, অনুভব করতে পারে। তার বাইরে কিছু থাকলেও, আমাদের কাছে তার কোন অর্থ হয় না।

দু'জনের চিন্তা ভিন্ন হলেও, একটা জায়গায় এসে মিলেছিল। উভয়েই বিশ্বাস করতেন, জ্ঞান শুধু যুক্তি দিয়ে চলে না, এর সঙ্গে দরকার অনুভব, সৌন্দর্য, আর মানবিকতা।

আইনস্টাইন বুঝেছিলেন, বিজ্ঞান দিয়ে সব কিছু মাপা যায় না, আর রবীন্দ্রনাথও স্বীকার করেছিলেন, অনুভবের বাইরে এক রহস্যময় বাস্তবতা থাকতে পারে।

এই কথোপকথন আজো মানুষকে ভাবায়। বিজ্ঞান আর দর্শন, যুক্তি আর কাব্য, বাস্তবতা আর অনুভব, এসব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা, আধুনিক মানুষ।

আর সেই মানুষকে  ফিরে যেতে হয় এই দু'জন জ্ঞানতাপসের আলাপচারিতায়, যেখানে প্রশ্নের শেষ নেই, কিন্তু উত্তর খোঁজার আনন্দটাই বড় হয়ে ওঠে।

একদিকে আইনস্টাইন, যিনি একবার বলেছিলেন, “ঈশ্বর  মহাবিশ্বকে নিয়ে পাশা খেলেন না।” আর অন্যদিকে রবীন্দ্রনাথ, যিনি বলেছিলেন, “মানুষের মনই হচ্ছে ঈশ্বরের আসন।”  এটাই সেই মুহূর্ত, যখন বিজ্ঞানের গাণিতিক ছকে হঠাৎ করেই ঢুকে পড়ে দর্শনের আলো।  

তথ্যসূত্র:
Tagore, Rabindranath The Religion of Man, 1931, Appendix III: "Conversation with Einstein

Popova, Maria. “When Einstein Met Tagore.” The Marginalian, 27 April 2012, https://www.themarginalian.org/2012/04/27/when-einstein-met-tagore

Comments