আমরা জানি, চন্দ্রগ্রহণ ঘটে পূর্ণিমার রাতে আর সূর্যগ্রহণ ঘটে অমাবস্যার সময়। কিন্তু প্রতিটি পূর্ণিমা বা অমাবস্যায় গ্রহণ দেখা যায় না। এর কারণ বুঝতে হলে আমাদের দেখতে হবে চাঁদের কক্ষপথের অবস্থানকে।
সৌরজগতে পৃথিবী সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করছে আর চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে ঘিরে। কিন্তু এই দু'টি কক্ষপথ একই সমতলে অবস্থিত নয়। পৃথিবীর কক্ষপথের তুলনায় চাঁদের কক্ষপথ প্রায় পাঁচ ডিগ্রি কোণে হেলে রয়েছে।
যেখানে এই দু'টি কক্ষপথ একে অপরকে ছেদ করেছে, সেই দুই বিন্দুকে বলা হয়, নোড। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ ঘটার জন্য সূর্য, পৃথিবী ও চাঁদকে একই সরলরেখায় আসতে হয়, এবং সেই সময় চাঁদকে অবশ্যই নোডে অবস্থান করতে হয়।
পূর্ণিমার সময় চাঁদ পৃথিবী থেকে সূর্যের বিপরীতে দিকে অবস্থান করে। তখন যদি চাঁদের অবস্থান নোডে হয়, তবে পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের গায়ে পড়ে এবং চন্দ্রগ্রহণ ঘটে। কিন্তু অধিকাংশ পূর্ণিমায় চাঁদ নোডের সামান্য উপরে বা নিচে থাকে। ফলে পৃথিবীর ছায়া তাকে স্পর্শ করে না, ফলে চন্দ্রগ্রহণও ঘটে না।
অমাবস্যার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। চাঁদ তখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। যদি সে সময় চাঁদ নোডে থাকে, তখন তার ছায়া পৃথিবীর কিছু অংশের ওপর গিয়ে পড়ে এবং সেই অঞ্চলে সূর্যগ্রহণ ঘটে। কিন্তু বেশিরভাগ অমাবস্যায় চাঁদ নোডে না থাকায় তার ছায়া পৃথিবীতে না পড়ে পাশ কাটিয়ে চলে যায়, ফলে সূর্যগ্রহণ আর ঘটে না।
অতএব, পূর্ণিমা ও অমাবস্যা গ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত হলেও, সেটাই যথেষ্ট নয়। গ্রহণ কেবল তখনই ঘটে, যখন পূর্ণিমা বা অমাবস্যা চাঁদের কক্ষপথের নোডের সাথে মিলে যায়। এ কারণেই বছরে মাত্র কয়েকবার গ্রহণ দেখা যায়, আর এই বিরল পরিস্থিতিই গ্রহণকে মহাজাগতিক এক বিস্ময়কর দৃশ্য করে তোলে।
যদি চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ একই সমতলে হতো, তাহলে প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ আর প্রতি অমাবস্যায় সূর্যগ্রহণ দেখা যেত। তখন গ্রহণকে কোন বিরল ঘটনা আর মনে হতো না।
চন্দ্রগ্রহণ দেখা তুলনামূলক সহজ, কারণ পৃথিবীর বহু অঞ্চল থেকে একসঙ্গে চন্দ্রগ্রহণ দেখা যায়। কিন্তু সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীর খুব অল্প অংশের ওপর পড়ে। তাই সূর্যগ্রহণ দেখতে হলে সেই ছায়ার ভেতরে উপস্থিত থাকতে হয়, যেটা সহজ নয়। আমার ৬৫ বছরের জীবনে পূর্ণ সূর্যগ্রহণ দেখেছি মাত্র দুইবার, অথচ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখেছি বহুবার।
এখানে আমার তোলা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ছবি দিলাম। সূর্যগ্রহণের ছবিটি তোলার জন্য যেতে হয়েছিল সুদূর টেক্সাসে আর চন্দ্রগ্রহণের ছবিটি আমাদের বাসার পেছন থেকে তোলা।
© তানভীর হোসেন
Comments