পাখিদের রঙ

লেকের পাড়ে হাঁটতে গিয়ে হঠাৎ নজরে পড়লো ছোট্ট দু’টি টিয়া পাখি। একটি পাখির গায়ে যেন রঙের উৎসব—ঝলমলে সবুজ, লাল, আর নীল পালকে  সূর্যের আলোয় ঝিকিমিকি করছে। আরেকজন অনেক নিষ্প্রভ, যেন পাতার রঙে যেন নিজেকে মিশিয়ে ফেলেছে। 

প্রথম দেখাতেই বুঝলাম, রঙিন পাখিটি নিশ্চয়ই পুরুষ, আর অন্যটি স্ত্রী পাখি। আর তখনই মনে হলো, প্রকৃতিতে কেন এমনটা হয়? কেন পুরুষ পাখিরা এত রঙিন, আর স্ত্রী পাখিরা হয় নিষ্প্রভ?

এর উত্তরটা নিছক সৌন্দর্যের নয়, বরং প্রকৃতির মাঝে বেঁচে থাকার গল্প। পুরুষ পাখির ঝলমলে রঙ, পালকের ছটা, আর সুরেলা ডাক, সবই আসলে প্রেমের আহ্বান। স্ত্রী পাখিকে যেন সে বোঝাতে চায়, “দেখো, আমি সুন্দর, আমি সুস্থ, আমার জিন ভালো—তোমাকে আমি সুস্থ ও সুন্দর সন্তানের নিশ্চয়তা দিতে পারি, তুমি আমার কাছে এসো"। 

আর স্ত্রী পাখির পাতার সঙ্গে মিশে যাওয়া হালকা রঙ? সেটাও তার বেঁচে থাকার তাগিদে। তাকে তো বসে থাকতে হবে ডিমে তা দিতে, শিকারিদের চোখ এড়িয়ে নিঃশব্দে লুকিয়ে। উজ্জ্বল রঙ হলে সে তো শিকারির নজরে পড়ে যাবে সহজেই! এজন্যই তার পালকে রঙের বাহার কম।‌

এই দুই ছোট্ট পাখির মধ্যেই যেন লুকিয়ে আছে প্রকৃতির নিখুঁত পরিকল্পনা। একজন আলোয় নিজেকে মেলে ধরে, আরেকজন ছায়ায় নিজেকে আড়াল করে। একজন ডাক দেয় ভালোবাসার, আর অন্যজন বাঁচিয়ে রাখে সেই ভালোবাসার সম্ভাবনা।

Comments