সাহারা মরুভূমি কী সবুজ হয়ে উঠছে? সম্প্রতি এই প্রশ্ন ঘিরেই বিশ্বজুড়ে বিজ্ঞানী ও সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে উঠেছে। কারণ, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাহারার বিস্তীর্ণ অঞ্চলে এক অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। মরক্কো, আলজেরিয়া, লিবিয়া আর তিউনিসিয়ার কিছু কিছু এলাকায় নামে প্রবল বৃষ্টিপাত। এমন বৃষ্টি ঐ এলাকায় কেউ আগে কখনো দেখেনি। এই তুমুল বৃষ্টি মরুভূমির প্রাকৃতিক চরিত্রকে বেশ খানিকটা বদলে দিয়েছে। শুষ্ক, ধূসর বালুকণার সমুদ্রে হঠাৎ করেই গজিয়ে ওঠেছে ঘাস, ঝোপঝাড় আর ছোট ছোট সবুজ গাছগাছালি। শুকনো খালের মতো এলাকাগুলোতে পানি জমে তৈরি হয়েছে অস্থায়ী হ্রদ।
স্যাটেলাইট চিত্রে এই বদলে যাওয়া ছবি চোখে পড়ে স্পষ্টভাবে। আর তখনই জন্ম নেয় প্রশ্ন,তাহলে কি সাহারা মরুভূমি আবার সবুজ হতে শুরু করেছে?
তবে এই প্রশ্নের উত্তরটা এতটা সরল নয়। সাহারার এই সবুজ হওয়ার প্রক্রিয়া একেবারেই অস্থায়ী। বর্ষা শেষে মরুর রুক্ষ বাস্তবতা আবার ফিরে আসে।
সেই সবুজ, সেই পানি, সবই শুকিয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যেই। মরুভূমির প্রকৃতি ক্ষণিকের পরিবর্তন সহ্য করতে পারে, কিন্তু স্থায়ী বদলকে সহজে আপন করে না। তবে এই অস্থায়ী বদলের মধ্যেই বিজ্ঞানীরা খুঁজে পান এক অতীত ইতিহাসের ইঙ্গিত।
আজ থেকে প্রায় এগারো হাজার বছর আগে সাহারা মরুভূমি ছিল একেবারে ভিন্ন রূপের। তখনকার দিনে এই এলাকা ছিল সবুজ, সজীব, নদী-নালা, হ্রদ-জলাশয়, বুনো প্রাণী আর গ্রীষ্মমন্ডলীয় গাছগাছালিতে ভরপুর। সেই যুগকে বলা হয়, আফ্রিকান হিউমিড পিরিয়ড, অর্থাৎ আফ্রিকার আর্দ্র যুগ। পৃথিবীর কক্ষপথের ঘূর্ণন আর সূর্যকে ঘিরে আবর্তনের নির্দিষ্ট ছন্দের কারণে সেই সময় আফ্রিকায় বর্ষার প্রকোপ ছিল অনেক বেশি। ফলে সাহারার বুক জুড়ে নামে দীর্ঘকালীন বৃষ্টি, আর তাতে মরুভূমি রূপ নেয় সবুজ প্রান্তরে। হাজার হাজার বছর ধরে টিকে থাকা সেই “সবুজ সাহারা” পরে আবার শুকিয়ে যায়, পৃথিবীর জলবায়ু চক্র পরিবর্তনের কারণে। বিজ্ঞানীরা বলছেন, এই চক্র প্রায় ২১ হাজার বছর অন্তর অন্তর ঘটে, আর সেই হিসেবে আগামী কয়েক হাজার বছরের মধ্যে সাহারা আবার সবুজ হতে পারে। তবে সেটা এখনো ভবিষ্যতের ব্যাপার।
বর্তমানে সাহারার দক্ষিণের অংশ, যাকে বলে সাহেল অঞ্চল, সেটি বিগত কয়েক দশক ধরে ধীরে ধীরে একটু সবুজ হচ্ছে ঠিকই, তবে সেটা সীমিত মাত্রায়। এর পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া, কিছু এলাকায় কৃষি সম্প্রসারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। কিন্তু এর মানে এই নয় যে পুরো সাহারা মরুভূমি বদলে সবুজ ভূমিতে পরিণত হচ্ছে।
সাহারা মরুভূমির আয়তন প্রায় ৯২ লাখ বর্গকিলোমিটার বা ৩৫ লাখ বর্গমাইল। এই বিশাল মরুভূমি উত্তর আফ্রিকার প্রায় পুরোটা জুড়ে বিস্তৃত এবং এর আয়তন চীনের প্রায় সমান সমান। এই বিস্তীর্ণ অঞ্চলকে একটানা সবুজ রাখার জন্য প্রয়োজন নিয়মিত ও দীর্ঘমেয়াদি বৃষ্টি, মাটির উর্বরতা এবং একটি স্থিতিশীল পরিবেশ, যেটা এখনো সাহারার জন্য বাস্তব অবস্থা নয়।
তবে কিছু বিজ্ঞানী মনে করছেন, ভবিষ্যতে যদি জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকে, তাহলে সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। এর ফলে কিছু নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে ঘাস ও গুল্ম গাছ জন্ম নিতে পারে। তবে সেটা হতে এখনো বহু বছর সময় লাগবে এবং এখনও তেমন কোনও স্থায়ী পরিবর্তনের চিহ্ন দেখা যায়নি।
সুতরাং, আজ সাহারায় যে সবুজের ছোঁয়া দেখা যাচ্ছে, তা যেমন এক অস্থায়ী আনন্দের বার্তা, তেমনি এটি মনে করিয়ে দেয় পৃথিবীর জলবায়ু পরিবর্তনশীল।
সাহারা এখনও বিরান মরুভূমি, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে আমাদের চোখে তার হারিয়ে যাওয়া রঙের ঝলক দেখিয়ে দেয় আর বলে, আমি আমূল বদলাতেও পারি, শুধু সঠিক সময় আর ছন্দের জন্য অপেক্ষা করছি।
Comments